তারাবির নামাজের পর সংঘর্ষ, ছুরিকাঘাতে প্রাণ গেল কোচিং পরিচালকের

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত চয়ন একই এলাকার তুলারাম রাজভরের ছেলে। তিনি ‘দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন। আহত ব্যক্তির নাম আমিনুর ফকির (৫৫)। তিনি একই গ্রামের হামিদুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার পাশের একটি জমি নিয়ে চয়ন রাজভরের সাথে আমিনুর ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার তারাবির নামাজের পর তাদের মধ্যে এ নিয়ে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে চয়ন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: বগুড়ায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ছাত্রদল-যুবদলের ৯ নেতা বহিষ্কার এদিকে আহত আমিনুর ফকির বর্তমানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’