আকাশ থেকে পড়া সন্দেহজনক বস্তু নিয়ে যে বার্তা দিলো কুয়েত

কুয়েতে কোথাও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা আকাশ থেকে পড়ে থাকা সন্দেহজনক কোনো বিদেশি বস্তু দেখা গেলে সেগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।কুয়েত সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের কঠোরভাবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী জানায়, এ ধরনের বস্তু অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং এতে বিস্ফোরক পদার্থ থাকতে পারে। ফলে এসব ধ্বংসাবশেষ স্পর্শ করলে বা এর কাছাকাছি গেলে যে কোনো সময় বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। আরও পড়ুন: কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, কোনো রকেটের অংশ বা অজানা বস্তু যেখানে পড়ে থাকতে দেখা যাবে সেই স্থানের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার সুযোগ দিতে ঘটনাস্থলের আশপাশে ভিড় না করারও পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া, গুজব বা অযাচাইকৃত তথ্য প্রচার থেকেও বিরত থাকার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে। আরও পড়ুন: কুয়েতের গুলিতে তিনটি মার্কিন বিমান ভূপাতিত, ‘ভুল করে’ দাবি যুক্তরাষ্ট্রের কেউ এ ধরনের কোনো বস্তু বা ধ্বংসাবশেষ দেখতে পেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে জরুরি নম্বর ৯৮৯২৩৩৭৩-এ কল করার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। কর্মকর্তারা জানান, সন্দেহজনক বস্তু থেকে দূরে থাকা, অন্যদের কাছেও যেতে বাধা দেয়া এবং দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করলে মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে এবং বিশেষজ্ঞ দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।