ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।শনিবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ইসরাইলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরাইল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্রের এ প্যাকেজে বিএলইউ-১১০এ/বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দফতর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। আরও পড়ুন: ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান এদিকে আজ রাতে ইরানের ওপর এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।