লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।শুক্রবার (৬ মার্চ) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ ওই তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন নোয়াখালীর চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিন প্রকাশ হেঞ্জার ছেলে বেলাল হোসেন (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফ (৩৬) এবং রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে ফাহিম (২১)। আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বেলালের নামেই রয়েছে ১১টি ডাকাতি মামলা। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।