পুকুরে নেমেই যুবকের চিৎকার, তারপর মৃত্যু

পুকুরে মাছ ধরতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজন ও চিকিৎসকদের ধারণা, পানিতে থাকা বিষাক্ত সাপের কামড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (৭ মার্চ) সকালে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. সবুজ মিয়া (২৮) ওই গ্রামের মৃত আ. সোবহানের ছেলে। নিহতের স্বজনরা জানান, ভোরে বাড়ির পুকুরে মাছ ধরতে নামেন সবুজ মিয়া। একপর্যায়ে পুকুর থেকে চিৎকার দিয়ে তীরে ফিরে আসেন এবং কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা কোনো কিছু নির্ণয় করতে না পারায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। আরও পড়ুন: মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ বসতঘর ভস্মীভূত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সকালে সবুজ মিয়াকে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা জানান, বিষাক্ত সাপের কামড়েই এমন মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।