চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও দুটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট এবং সালাম এয়ারের একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মাস্কাট থেকে সালাম এয়ারের OV-401 ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং একই উড়োজাহাজ OV-402 ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে ছেড়ে গেছে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 ফ্লাইট মদিনা থেকে এবং BG-122 ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১২টি ফ্লাইটসহ চট্টগ্রামের এই বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এমআরএএইচ/এমএমকে