মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে ‘স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রফিকুল ইসলাম।শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত নুজুল আল-কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে থেকে নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। এ বছর চারটি দেশের চারজন শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড দেয়া হয়, যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রফিকুল ইসলাম এই গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাই বিভাগের পরিচালক দাতো ফাজুরা জুফা বিনতি মুস্তাফা কামাল। তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, নৈতিক মূল্যবোধ এবং বহুসাংস্কৃতিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে রফিকুলের হাতে পুরস্কার তুলে দেন। আরও পড়ুন: বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ইনায়েত জাহরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইজ্জান গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ, ইউআইটিএম-এর সিনিয়র লেকচারার কামরুল হাসান এবং বিয়াম-এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট বশির ইবনে জাফরসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম সিটি ইউনিভার্সিটি বাংলাদেশি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং এশিয়া প্যাসিফিক রোবট অ্যালায়েন্সের বিচারক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়ার (বিয়াম) কেন্দ্রীয় সেক্রেটারি এবং জেসিআই মালয়েশিয়ার মতো আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত থেকে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখছেন। নিজের অনুভূতি প্রকাশ করে রফিকুল বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও ইতিবাচক অবদান তুলে ধরাই তার মূল লক্ষ্য। এই অর্জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সম্মান ও অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।