ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

ইরানের সাথে ইসরাইল-যুক্তরাষ্ট্রের সংঘাত অষ্টম দিনে প্রবেশ করার সাথে সাথে তেহরান প্রতিশ্রুতি দিয়েছে, তারা কখনই আত্মসমর্পণ করবে না। লড়াই এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার মধ্যে এই প্রতিশ্রুতি দিলো ইরান। খবর আল জাজিরার।শনিবার (৭ মার্চ) ইরানি কর্মকর্তারা বিবৃতি দিয়ে বলেছেন, দেশটি যেকোনো সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ করবে এবং সতর্ক করেছেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।  পরিস্থিতি শান্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এখনও স্থগিত থাকায় এই মন্তব্য করা হয়েছে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবির পর ইরান কখনই আত্মসমর্পণ করবে না বলে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  ইসরাইল-যুক্তরাষ্ট্রের অষ্টমদিনের মতো হামলা অব্যাহত থাকায় তেহরান ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্প আরও বলেন, তিনি ইরানের পরবর্তী নেতা নির্বাচনের সাথে যুক্ত থাকতে চান। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করে নতুন নেতা নির্বাচন করলে তা মানা হবে না বলেও জানান ট্রাম্প।