সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার পথে নিখোঁজ হয়েছেন রফিকুল ইসলাম (৪০) নামে এক প্রবাসী শ্রমিক। গত ৮ দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ না থাকায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।নিখোঁজ রফিকুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মদনগোপাল এলাকার মৃত লাল মাহমুদ মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রফিকুল ইসলাম। সেখানে আল-কাছিম শহরের একটি কোম্পানির গ্যারেজে কর্মরত ছিলেন তিনি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ছুটি নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশের উদ্দেশে রওনা হন। ওইদিন সৌদি আরবের আল-কাছিম বিমানবন্দর থেকে ‘এয়ার এরাবিয়া এয়ারলাইন্স’-এর একটি ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে আসার কথা ছিল তাঁর।রফিকুলের পরিবারের দাবি, ফ্লাইটটি দুবাই পৌঁছানোর পর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশগামী ফ্লাইটটি সাময়িকভাবে বাতিল করা হয়। এরপর থেকেই রফিকুলের সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে গত ৪ মার্চ ওই এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছালেও রফিকুল ইসলাম ফেরেননি।আরও পড়ুন: যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তাই নাম্বার ওয়ান প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিখোঁজের স্ত্রী আর্জিনা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সেহরির সময় স্বামীর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। আজ ৮ দিন হয়ে গেল তাঁর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি।এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, নিখোঁজ প্রবাসী শ্রমিকের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাকে খুঁজে বের করতে এবং নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে।