ক্ষমতাসীন ও মুক্ত থাকার চেয়ে ক্ষমতাহীন ও বন্দি অবস্থায় বেগম খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী ছিলেন বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।শনিবার (৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতাসীন ও মুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে ক্ষমতাহীন ও বন্দি খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী ছিলেন। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলেও এ সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আরও পড়ুন: মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ’৯১ সালে কারও দয়াদাক্ষিণ্যে নয়, জনগণের ভালোবাসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ ও জামায়াত বারবার পরাজিত করার চেষ্টা করলেও একবিন্দু সংবিধান থেকে সড়ে আসেননি বেগম জিয়া। তিনি বলেন, এক তরফা, নিশিরাত এবং আমি-ডামি নির্বাচনের কারণেই দেশের মানুষ বুঝে গিয়েছিল যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিতাড়িত করা ছাড়া কোনো বিকল্প নেই। আরও পড়ুন: জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে খরচ করা হবে: তথ্যমন্ত্রী এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন চেয়েছিল বিএনপি। কিন্তু সেই সময় একটি পক্ষ নির্বাচনকে ষড়যন্ত্রের গলিতে ঢুকিয়ে দিতে চেয়েছিল, নানাভাবে অনির্বাচিত সরকারের মেয়াদ বাড়াতে চেয়েছিল।