মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে নতুন নির্দেশনা

মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও এর আওতাধীন সব অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসে উপস্থিতি ও অবস্থান নিয়ে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা প্রদান করে মাদ্রাসা শিক্ষা অধিদফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে। দাফতরিক কোনো কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রেও এই সময়সীমা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন দাফতরিক বা ব্যক্তিগত কর্মসূচিতে অংশ নেয়ার কারণে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং দাফতরিক কাজে ধীরগতি সৃষ্টি হয়, যা সরকারের ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলে। এই সমস্যা দূর করতেই নতুন সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। আরও পড়ুন: বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধতবে কিছু বিশেষ ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নন এমন শিক্ষক বা অনুষদ সদস্য, হাসপাতাল, জেলখানা, সংবাদ বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত ব্যক্তিরা এবং জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্তদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। এ ছাড়া ভিভিআইপি প্রটোকল, আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা বা অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দাফতরিক কাজের প্রয়োজনে অফিস কক্ষ ত্যাগ করা যাবে।সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে দফতরে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে।