ভারতের জালে জাপানের ১১ গোল

নারী এশিয়ান কাপে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে ভারত। শনিবার অস্ট্রেলিয়ার পার্থে জাপানের মেয়েরা গুনে গুনে ১১ গোল দিয়েছেন ভারতের জালে। ১১-০ গোলের বিশাল জয়ে গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে গেলো জাপান। ভারত প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছিল ভিয়েতনামের কাছে। জাপানের কাছে বড় ব্যবধানের হারে ভারতের বিদায় ঘন্টা বেজে গেলো। চাইনিজ তাইপের বিপক্ষে তারা শেষ ম্যাচ খেলবে ১০ মার্চ। জাপানের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মিয়াজাওয়া ও রিকো উয়েকি। জোড়া গোল করেছেন কিকো সেইকে। বাকি তিন গোল করেছেন ইয়ামামোতো, হাসে গাওয়া ও হিজিকাতা। জাপান শেষ ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে ১০ মার্চ। এশিয়ার মেয়েদের শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশ ও ভারত অংশ নিচ্ছে। বাংলাদেশও এরই মধ্যে দুটি ম্যাচ শেষ করেছে। প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে হেরেছে ৫-০ ব্যবধানে। ৯ মার্চ বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। এই ম্যাচ জিতলে নকাউট পর্বে ওঠার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের। আরআই/এমএমআর