দেশের ২১ হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে তথ্য হালনাগাদ (ই-রেজিস্ট্রেশন) সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানগুলো শিক্ষক প্রয়োজন হলে এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) শূন্যপদের তথ্য দিতে পারবে। শনিবার (৭ মার্চ) এনটিআরসিএ সূত্র এ তথ্য জানিয়েছে। সংস্থার কর্মকর্তারা জানান, ১ মার্চ ই-রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কার্যক্রমে ২১ হাজার ৮৮টি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের তথ্য হালনাগাদ করেছে। ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছিল, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। পরে এ সময়সীমা ১ মার্চ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়। এছাড়া যেসব প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল দিয়েছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পেরেছে। এএএইচ/এমআইএইচএস