তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির পর রিশাদ হোসেনের ৫ উইকেটে সহজেই বিসিএল অলস্টার দলকে হারাল বিসিবি একাদশ। ৪০ রানের এই জয়ে পাকিস্তান সিরিজের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল ওয়ানডের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বিসিবি একাদশ।পাকিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে বিসিএলের তারকা পারফর্মারদের নিয়ে গঠিত অল স্টার একাদশের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ মাঠে নেমেছিল জাতীয় ওয়ানডে দলের আদলে গড়া বিসিবি একাদশ। দিবারাত্রির ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৯৫ রান করে বিসিবি একাদশ। জবাব দিতে নেমে ২৫৫ রানে থামে আকবর আলীর নেতৃত্বাধীন বিসিএল অল স্টার একাদশ। মারকুটে সেঞ্চুরিতে বিসিবি একাদশকে জয়ের ভিত গড়ে দেন তানজিদ হাসান তামিম। ১০১ বলে ৬ চার ও ৪ ছক্কায় শতরান করে আউট হন তিনি ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তও। লিটন ৩৮ বলে ৪৪ ও শান্ত ৪৫ বলে ৪০ রান করেন। আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ‘হোটেল বদল’: শুধুই নিয়ম নাকি কোনো রহস্যময় ‘কুসংস্কার’? এছাড়া, সাইফ হাসান ২২, সৌম্য সরকার ১১, আফিফ হোসেন ধ্রুব ২৯ ও মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রান করেন। বিসিএল অল স্টার্সের পক্ষে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। জবাব দিতে নেমে জিশান আলম এবং নাঈম শেখের ব্যাটে দারুণ শুরু পায় বিসিএল অল স্টার্স। এই দুজন মিলে ওপেনিংয়ে ১০০ রানের জুটি গড়েন। তবে এই জুটি ভেঙে বিসিবি একাদশকে খেলায় ফেরান রিশাদ হোসেন। আরও পড়ুন: পিসিবির জরিমানার খবর অফিশিয়াল নয়: রিজওয়ান এরপর পুরোটাই রিশাদ শো। ১০ ওভার বোলিং করে একাই নেন ৫ উইকেট। আর তাতে জয়টা হাতছাড়া হয়ে যায় অল স্টার্সের। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জিশান আলম। শেষদিকে প্রতিরোধ গড়া আব্দুল গফফার সাকলাইন৪৮ বলে ৪৯ রান করে ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন। এছাড়া ৪০ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। শেষদিকে ৪৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন রিপন মণ্ডল। বিসিবি একাদশের হয়ে জোড়া উইকেট পান নাহিদ রানা।