পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল নিতে এসে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তেল পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে যান যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নিরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে যান। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এরপর পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে।আরও পড়ুন: নারায়ণগঞ্জে তুচ্ছ বিরোধে সংঘর্ষ, প্রাণ গেল মাছ ব্যবসায়ীরসেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের ৩ কর্মচারীকে আটক করেছে র‌্যাব।এ দিকে পাম্প কর্মীদের হামলায় যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়।নিহত নিরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।আরও পড়ুন: শ্যামপুরে রড চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ‘নিরব নামে এক যুবক পাম্পে তেল নিতে যান। এ সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে ওই যুবককে পিটিয়ে আহত করে। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’