তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে সেখানকার কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে তেল নিতে ওই পেট্রোল পাম্পে যান নিরব হোসেন। পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ফিরে যান। কিছুক্ষণ পর আবার পাম্পে গিয়ে দেখেন, কর্মচারীরা অন্য একজনকে বোতলে তেল দিচ্ছেন। এসময় তাকে তেল না দেওয়ার প্রতিবাদ করলে বাগবিতণ্ডার এক পর্যায়ে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করা হয়। পাম্প কর্মচারীদের হামলায় নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন অন্য একটি পাম্পে ভাঙচুর চালায়। নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাদাসিধে মানুষ ছিল। মোটরসাইকেলের তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয়। কিন্তু যেভাবে তাকে পিটিয়ে হত্যা করা হলো, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জাগো নিউজকে বলেন, ওই পাম্পে নিরব নামের এক যুবককে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এম শাহাজান/এমকেআর