কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদা না পেয়ে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জিসান ও বাদশা নামে দুইজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।রোববার (৮ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার পরিদর্শক ছমি উদ্দিন। নিহত গণেশ পালের পরিবারের অভিযোগ, এক লাখ টাকা চাঁদা না পেয়ে জিসান ও বাদশা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, গণেশ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছিল। জিসানের কথিত প্রেমিকা এবং পরে তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আরও পড়ুন: চোখের সামনে স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রীর আর্তনাদে ভারি মর্গ প্রাঙ্গণ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার জানান, কয়েক ঘণ্টার অভিযানের পর তাদের আটক করা হয়। পরে তাদের কক্সবাজার সদর মডেল থানায় নেয়া হচ্ছে, সেখানে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে শনিবার দুপুরে বিজিবি ক্যাম্প এলাকায় নিজের বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। এ সময় একই এলাকার জিসান নামে এক যুবক তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে গণেশ পালের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য গণেশ পালের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়। এদিকে সন্ধ্যায় গণেশ পাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভও করেন বিক্ষুব্ধরা।