দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপারের (এসপি) গাড়ি আটকে মব সৃষ্টি এবং পুলিশকে মারধর করার ঘটনায় এসআর পরিবহনের চালক হাফিজুল ইসলামকে আটক করেছে পুলিশ ।শনিবার (৭ মার্চ) রাত ৮টায় হিলি চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। আটক হাফিজুল ইসলাম ঠাকুরগাঁও জেলার সদর থানার তোতা মিয়ার ছেলে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, ছুটি শেষে বাড়ি থেকে নিজ কর্মস্থলে ফিরছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বেলাল হোসেন। এ সময় এসআর পরিবহনের একটি গাড়ি পুলিশ সুপারের গাড়িকে ধাক্কা দেয়। পরে বিষয়টি মীমাংসা করা হলেও ফেরার পথে হিলি চারমাথা এলাকায় আবারও এসআর পরিবহনের গাড়িটি পুলিশ সুপারের গাড়ি আটকে মব সৃষ্টি করে। আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কায় সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ভিড় সেই সময় মাইক্রোবাসের চালক ও এক পুলিশকে মারধর করা হয়। পরবর্তীতে হিলি চারমাথা ও সিপি রোডে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়। এতে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা ব্যারিকেড সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আটক চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।