প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় রোববার (৮ মার্চ) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। এক বছরে ধর্ষণ বেড়েছে ২৭ শতাংশ - দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের কষ্ট-দুর্ভোগ বুঝতে চাইলে আদালত আর হাসপাতালে আসুন-কথাটা মুখে মুখে বেশ চালু। তবে এটা চরম সত্যও। ১ মার্চ ঢাকার চারটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঘোরার সময় অচেনা মুখগুলোতে বিষাদ ও উৎকণ্ঠার ছাপগুলো খুব স্পষ্টই অনুভব করা যাচ্ছিল। কক্ষের ভেতরে স্থান সংকুলান হয় না, তাই বাইরে বারান্দায় পেতে রাখা বেঞ্চে বসে ছিলেন ভুক্তভোগী নারী ও তাঁদের স্বজনেরা। মামলার নম্বর আর নাম ধরে ডাক পড়তেই নারীরা উৎকণ্ঠা নিয়ে বিচারকের সামনে দাঁড়াচ্ছিলেন। একটি ট্রাইব্যুনালে মাইক্রোফোন ব্যবহারের কারণে ভুক্তভোগী নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শোনা যাচ্ছিল স্পষ্ট। রাজধানীতে শীর্ষ চাঁদাবাজ ১৪০ জন - দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের নতুন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে যাচাই-বাছাই। পাশাপাশি অভিযানের ধরন কী হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, অভিযান কোনোভাবেই যেন ব্যর্থ না হয়-সে জন্য আটঘাট বেঁধেই অভিযান চালানো হবে। বিশেষ করে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদেরকে কোনোভাবে ছাড় দেয়া হবে না। চাঁদাবাজির বিষয়টি বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ডিএমপি সদর দফতরে এক মতবিনিময় সভায় এই কঠোর নির্দেশ দিয়েছেন, যা প্রথমে ঢাকা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে চলবে। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে এই অভিযান পরিচালনা করা হবে।নারীর নিরাপত্তাই চ্যালেঞ্জ - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশে আজ ৮ মার্চ রবিবার উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণসংক্রান্ত মামলার সংখ্যা ব্যাপক বেড়েছে। ২০২৫ সালে ২২ হাজার ৪৩১টি এবং ২০২৪ সালে এসংক্রান্ত ১৭ হাজার ৫৭১টি মামলা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সাবেক অন্তর্বর্তী সরকারের সময় ১১ মাসে নির্যাতনের শিকার হয়েছে প্রায় দুই হাজার ৬৪৯ জন নারী ও কন্যাশিশু। এমন পরিস্থিতিতে সদ্য নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা। জ্বালানি তেল নিয়ে তেলেসমাতি - দৈনিক মানবজমিনের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে টালমাটাল পুরো বিশ্বের জ্বালানির বাজার। এর রেশ পড়েছে দেশের বাজারেও। আপাতত সংকট না থাকলেও ভবিষ্যতের সংকট চিন্তা করে বাড়তি জ্বালানি মজুতের প্রবণতা তৈরি হয়েছে। যার কারণে সরকার জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিয়েছে। সরকারের তরফে অভয় দেয়া হচ্ছে পর্যাপ্ত মজুত রয়েছে। আমদানির পাইপ লাইনে জ্বালানি তেল রয়েছে। তাই যার যতটুকু প্রয়োজন তা কিনতে অনুরোধ করা হয়েছে। সরকারের এমন আহ্বানেও গা করছেন না অনেকে। বাড়তি তেল নিতে ছুটছেন পাম্পে। এ কারণে এক ধরনের সংকট তৈরি হয়েছে। বাড়তি চাপের কারণে কোথাও কোথাও পাম্প বন্ধ রাখতে হচ্ছে। সংকটের অজুহাতে পাম্প মালিকরাও বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করছেন এমন অভিযোগও মিলেছে। এমন অবস্থায় গতকাল পুলিশ পাহারায় জ্বালানি তেল বিক্রির তথ্যও পাওয়া গেছে। মাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন - দৈনিক যুগান্তরের প্রথম পাতায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি এবং তিন তেল বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার অদক্ষতা ও অদূরদর্শিতার কারণে বাংলাদেশ অনেকটা বিপাকে পড়েছে। সময়মতো জ্বালানি তেল মজুতের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও মজুত না করায় সারা দেশে তেল নিয়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। ২০২০ সালে সর্বনিম্ন ৬০ দিনের তেলের ধারণ ক্ষমতা বা মজুত রাখার সক্ষমতা তৈরি করার সিদ্ধান্ত হলেও এখন আছে মাত্র ৩০ থেকে ৩৫ দিনের মতো। সেই ৩৫ দিনের মধ্যে ডিজেল আছে ১০-১১ দিনের মতো। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এখন তেলের মজুত আছে ৭৪ দিন, পাকিস্তান ও শ্রীলংকায় ৩০ দিন এবং নেপালে আছে ১০ দিনের। অন্যদিকে এশিয়ার দেশ ভিয়েতনামে তেলের মজুত আছে ৪৫ দিন, থাইল্যান্ডে ৬১ দিন এবং জাপানে ২৫০ দিনের। বুয়েটের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন যুগান্তরকে বলেছেন, বাংলাদেশে ৩০-৩৫ দিনের মজুতের ধারণ ক্ষমতা আসলে কোনো কিছুই নয়।জ্বালানি সংকট দেখিয়ে বাতিল হচ্ছে ঈদযাত্রার অগ্রিম টিকিট, শেষ সময়ে ভাড়া বাড়ানোর শঙ্কা - দৈনিক বণিকবার্তায় প্রকাশিত সংবাদ এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের স্টেশনারি ব্যবসায়ী মামুন মৃধা পটুয়াখালীর শাখারিয়াগামী ইউনিক পরিবহনের একটি বাসের ১৮ মার্চের ঈদযাত্রার টিকিট কিনেছিলেন। কিন্তু গতকাল পরিবহন বাস কর্তৃপক্ষ ফোন করে জানায়, জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধির কারণে ওইদিনে নির্ধারিত বাস চলবে না। মামুনের মতো অনেকে আশঙ্কা করছেন, ভাড়া বাড়ানোর জন্য কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। জ্বালানি সংকটের কারণে অগ্রিম টিকিট বাতিল হওয়ায় শত শত যাত্রীর মধ্যে বাড়ি ফেরা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।গতকাল রাজধানীর গাবতলী ও গুলিস্তানের বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে দেখা গেছে, বিভিন্ন জেলার বাসের অগ্রিম টিকিট কিনতে আসা মানুষের ভিড়। যারা টিকিট কিনেছেন তাদের সবাইকেই গুনতে হয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি টাকা। অনেক কাউন্টার থেকে আবার সিট নেই বলে দাবি করা হচ্ছে। কারো কারো টিকিট বাতিল হওয়ায় এসেছেন টাকা ফেরত নিতে। আবার কাউন্টারগুলো থেকেও দুর্ব্যবহারের শিকার হচ্ছেন কেউ কেউ।