ইয়ামালের জাদুকরী গোলে বিলবাও জয়, বার্সার আরও পেছনে রিয়াল

লা লিগায় লামিন ইয়ামালের জাদুকরী গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে বার্সেলোনা। তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান পোক্ত করলো কাতালানরা।শনিবার (৭ মার্চ) রাতে সান মামেসে বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বিলবাওয়ের ঐতিহাসিক মাঠে এদিন ম্যাচের বেশিরভাগ সময়ই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় বার্সেলোনাকে। স্বাগতিকরা আক্রমণে বেশি ধারালো ছিল, কিন্তু বারবার রুখে দেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বিলবাও। গ্যালারিভর্তি দর্শকের সামনে একাধিক ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। দুর্দান্ত কিছু সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন গার্সিয়া। আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মেসির দল, জবাব দিলেন কোচ এদিকে সাম্প্রতিক ব্যস্ত সূচির কারণে একাদশে রদবদল করেন বার্সার কোচ হ্যান্সি ফ্লিক। স্প্যানিশ কাপের সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লান্তি কাটাতে শুরুতে বেঞ্চে রাখা হয় রাফিনিয়া, পেদ্রি ও রবার্ট লেভানদোভস্কিকে। চোটের কারণে খেলতে পারেননি জুলেস কুন্দে, আলেহান্দ্রো বালদে ও ফ্রেঙ্কি ডি ইয়ং। ফলে প্রথমার্ধে ছন্দ খুঁজে পায়নি বার্সা। বরং বল দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বিলবাও। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি বদলাতে মাঝামাঝি সময়ে রাফিনিয়া, পেদ্রি ও লেভানদোভস্কিকে মাঠে নামান ফ্লিক। এর ফল মেলে দ্রুতই। ৬৮তম মিনিটে পেদ্রির দারুণ পাস পেয়ে ডান দিক থেকে বক্সে ঢুকে পড়েন ইয়ামাল। সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত কার্লে বল জড়ান জালের ওপরের কোণে। তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ডের অসাধারণ গোলে স্তব্ধ হয়ে যায় সান মামেসের গ্যালারি। এই এক গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় ম্যাচে। আরও পড়ুন: শেষ মুহূর্তের নাটকীয়তায় শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল এই জয়ে ২৭ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ শুক্রবার সেল্টা ভিগোরকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট বাড়ালেও এখনও চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বিলবাও।