নওগাঁয় ধর্ষণের শিকার সেই শিশুর পরিবারের পাশে যুবদল নেতা

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের ঘটনায় মামলার পর শোকে স্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ছুটে গিয়ে চিকিৎসাধীন সেই শিশুর দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ন্যায়বিচার পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মুক্তার। এছাড়াও পরিবারটিকে সার্বিক সহায়তা দিয়ে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়। ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, শুক্রবার (৬ মার্চ) বিকেলে ৬ বছর বয়সি মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। ওই সময়ে মতিবুল (৩০) নামে এক যুবক খাবার দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার মা। এরপর পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রথমে তাকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। এ ঘটনায় ওই রাতেই ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযুক্ত মতিবুলকে আসামি করে ধর্ষণ মামলা করেন। এদিকে এ ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার করার আগেই ওইদিন সন্ধ্যায় ধর্ষণে অভিযুক্ত মতিবুলকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে এলে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাৎক্ষণিক তিনি শিশুটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন নওগাঁ জেলা যুবদলকে। নওগাঁ জেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন মুক্তার বলেন, নিষ্পাপ এক শিশুর ওপর এমন নৃশংস ঘটনা আমাদের সবাইকে মর্মাহত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারকে নগদ টাকা দিয়েছি ও সমস্ত খরচের দায়িত্ব নিয়েছি। শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও আইনি লড়াইয়ে যা যা প্রয়োজন সবকিছুতেই যুবদল ও বিএনপি পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেছি, এই কঠিন সময়ে তারা একা নয়, বিএনপি ও যুবদল সব সময় তাদের পাশে থাকবে। আরমান হোসেন রুমন/এমএন/জেআইএম