টিএফআই সেলে গুম: ১৭ আসামির বিরুদ্ধে আরমানের জেরা আজ

টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে সংসদ সদস্য ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের জেরা আজ রোববার (৮ মার্চ)।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ২১ জানুয়ারি তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে তিনি দীর্ঘ আট বছরের গুমজীবনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালের সামনে। ২০১৬ সালে গুমের শিকার হন তিনি। এ মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ১০ সেনা কর্মকর্তা। কিন্তু পলাতক রয়েছেন মামলার মূল আসামি শেখ হাসিনা, তার উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র‌্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম। এদিকে, ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ীতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ জনকে হত্যা মামলার শুনানি আজ। আরও পড়ুন: জেআইসিতে গুম: ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিলেন ইকবাল এর আগে এই মামলায় শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-১। এছাড়া ট্রাইব্যুনাল-২ এ আওয়ামীলীগ নেতা  মাহবুবুল আলম হানিফের মামলায় আজকে জব্দ তালিকার সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যদেন পুলিশ কর্মকর্তা নাসিরুল।সেই সাথে ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্য দিচ্ছে সিআইডির কণ্ঠের(ভয়েস) ফরেনসিক কর্মকর্তা।