মেসির গোলে টানা দ্বিতীয় জয় মায়ামির, রেকর্ডের কাছাকাছি আর্জেন্টাইন তারকা

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আবারো দেখা গেলো লিওনেল মেসির জাদু। আর্জেন্টাইন মহাতারকার গোলেই ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। এই জয়ে লিগ টেবিলের তৃতীয় স্থান ধরে রেখেছে মায়ামি।রোববার ( ৮ মার্চ) মৌসুমের তৃতীয় গোলটি করেছেন মেসি। যা তাকে নিয়ে গেছে নতুন এক রেকর্ডের একেবারে কাছাকাছি। তার এই গোলের সুবাদেই ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মায়ামি। শীর্ষে থাকা নিউ ইয়র্ক এফসির চেয়ে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে। মৌসুমের শুরুটা ভালো হয়নি মায়ামির। প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসের কাছে ৩-০ গোলে হারের পর টানা দুই জয়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। গত সপ্তাহে ওরলান্ডো সিটি এসসিকে ৪-২ গোলে হারানোর পর এবার ডিসি ইউনাইটেডকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে তারা। আরও পড়ুন: ইয়ামালের জাদুকরী গোলে বিলবাও জয়, বার্সার আরও পেছনে রিয়াল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন রদ্রিগো ডি পল। বাম দিক থেকে তেলাস্কো সেগোভিয়ার ক্রস পেয়ে জোরালো শটে বল জালে জড়ান তিনি। ডিসির গোলরক্ষক শন জনসন তখন পুরোপুরি অসহায় ছিলেন। এর দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বাম দিক থেকে মাতেও সিলভেত্তির নিখুঁত পাস পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। জনসনের নাগালের বাইরে চলে যায় বল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে ব্যবধান কমান তাই বারিবো। জ্যাকসন হপকিন্সের  শট মায়ামির গোলরক্ষক স্যান্ট ক্লেয়ার ঠেকালেও ফিরতি বলে গোল করেন বারিবো। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি ডিসি। এই জয়ের পাশাপাশি ব্যক্তিগত মাইলফলকের কাছেও পৌঁছে গেছেন মেসি। ডিসি ইউনাইটেডের বিপক্ষে তার গোলটি ছিল ক্যারিয়ারের ৮৯৯তম গোল। ফলে ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন তিনি। এই রেকর্ডে আগে পৌঁছেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার ক্যারিয়ারে বর্তমান গোলসংখ্যা ৯৬৫। আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন নিয়ে পার্থে পৌঁছেছে বাংলাদেশ মেসির সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ আসছে খুব দ্রুতই। আগামী ১১ মার্চ নাশভিলে এসসির বিপক্ষে ম্যাচেই ৯০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।