‘নতুন কিছু বলো’, স্যান্টনারের চুপ করিয়ে দিতে চাওয়ার জবাবে সূর্যকুমার

মিচেল স্যান্টনারকে নিয়ে তিনজন হলো। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের আগে ভারতের সমর্থকদের চুপ করিয়ে দিতে চান বলে জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে প্রায় একই কথা বলেন ইংল্যান্ডের স্যাম কুরান। স্যান্টনারের মুখেও সেই সুর।আজকের ফাইনালকে সামনে রেখে গতকাল সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক বলেন, ‘ওটাই লক্ষ্য। দর্শকদের চুপ করিয়ে দেওয়া।’ ভারতীয়দের হৃদয় ভেঙে ট্রফি জিততে তার কোনো আপত্তি নেই।স্যান্টনার বলেন, ‘আমরা জানি আমরা পারি। যদি আমরা ছোট ছোট বিষয়গুলো ঠিকভাবে করি এবং শক্তিশালী দলীয় পারফরম্যান্স দিই, তাহলে আমরা নিজেদের এমন একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারব যেখানে আশা করা যায় ট্রফিটা জিততে পারব। ট্রফি জিততে গিয়ে যদি কয়েকটা হৃদয় ভাঙতে হয়, তাতে আমার আপত্তি নেই।’আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল ঘিরে হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়াস্যান্টনারের পরেই কথা বলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। সামনে মাইক্রোফোন, মুখে হাসি। হাসতে হাসতেই তিনি বললেন, ভারতে গিয়ে প্রায় সবাই একই ধরনের কথা বলেন। নতুন কিছুর আহ্বান তার। সূর্যকুমার বলেন, ‘সবাই একই কথা বলছে। নতুন কিছু বলো।’নিজেদের আত্মবিশ্বাসী বলে মনে করছেন স্যান্টনার। সূর্যকুমারও তা-ই। চাপ অনুভব করলেও সেটাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন তারা। ভারত অধিনায়ক বলেন, ‘সত্যিই এটা আমার জন্য একটি বিশেষ অনুভূতি যে আমি দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি এবং এমন একটি দুর্দান্ত দলকে ফাইনালে নেতৃত্ব দেব। তাও আবার নিজের দেশের মাটিতে। অবশ্যই কিছুটা স্নায়ুচাপ থাকবে, শরীর শিরশির করবে। কিন্তু আমি সব সময়ই বলি, চাপ না থাকলে মজাও থাকে না।’