আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উপলক্ষে নারী অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (বিএমডিএফ)। রোববার (৮ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মানবাধিকারকর্মী, অভিবাসন বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নারী অভিবাসী কর্মীদের নিরাপদ অভিবাসন, আইনি সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এ বছরের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’–এর সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক নারী জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। তাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং অসংখ্য পরিবারকে স্বাবলম্বী করে তুলছে। বিদেশে কর্মরত অনেক নারী অভিবাসী কর্মী শোষণ, নির্যাতন, বৈষম্য এবং অনিরাপদ কর্মপরিবেশের শিকার হন। অনেক ক্ষেত্রে তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হন, শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা বা প্রাতিষ্ঠানিক সুরক্ষাও পান না। বিএমডিএফের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় বলেন, নারী অভিবাসী কর্মীরা কেবল শ্রমশক্তির অংশ নন, তারা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ সময় তিনি মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, নারী অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা, বিদেশে তাদের সুরক্ষা ও আইনি সহায়তা জোরদার করা, নির্যাতনের শিকার নারী কর্মীদের দ্রুত উদ্ধার ও সহায়তার ব্যবস্থা করা এবং দেশে ফিরে আসা নারী কর্মীদের পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আরএএস/এমআরএম