কয়েকজন মার্কিন সেনা আটকের দাবি ইরানের

ইরান কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। এমন দাবি করেছেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি। তবে ট্রাম্প প্রশাসন এই দাবি অস্বীকার করেছে।গত শনিবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি জানান, গত সপ্তাহে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে মার্কিন প্রশাসন এই খবরটি সুকৌশলে ধামাচাপা দিতে চাইছে। লারিজানি তার পোস্টে আরও লেখেন, ‘আমার কাছে খবর এসেছে যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দি করা হয়েছে। কিন্তু আমেরিকার দাবি, তারা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। মিথ্যে চেষ্টা চালিয়ে সত্যটাকে খুব বেশি দিন লুকিয়ে রাখা যাবে না।’ তবে এই দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘মিথ্যে রটনা ও বিভ্রান্তি ছড়ানোই এখন ইরানি প্রশাসনের প্রধান কাজ।’ মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একজন মুখপাত্রও ইরানের দাবিকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে অভিহিত করেন। আরও পড়ুন: তেল শোধনাগারে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি ইরানের গত সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলো হামলা চালায়। হামলায় কুয়েতে অন্তত ছয় মার্কিন সেনা নিহত হয়।  গত শনিবার (৭ মার্চ) ডেলাওয়ার অঙ্গরাজ্যের ডোভার বিমান ঘাঁটিতে এসব লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন। হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প বলেন, ‘এটা খুবই দুঃখজনক দিন। আমি খুশি আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এটা কঠিন। এটা সত্যিই কঠিন পরিস্থিতি।’