চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার ড্রেন নির্মাণের সময় বসতবাড়ির দেয়াল ধসে নাইরুল ইসলাম (৩০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড কোর্টপাড়া এলাকার কেএফএম শাহাবুদ্দিন সনুর বাড়ির সামনের দেয়াল ধসে এই ঘটনা ঘটে।মৃত নির্মাণ শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের ছেলে নাইরুল ইসলাম। তিনি এক সন্তনের জনক। অন্যান্য শ্রমিক, স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাবুদ্দিনের বাড়ির সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল নাইরুলের উপর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: খুলনায় শ্রমিক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা স্থানীয় বাসিন্দা ও নির্মাণ শ্রমিকদের অভিযোগ, সড়কের পাশে যে ড্রেনটি নির্মাণ করা হচ্ছে তা ঘিরেই বাড়ির দেয়াল ছিল। সড়কের জায়গা ঘিরে দেয়াল থাকায় ড্রেন নির্মাণ করতে গিয়ে দেয়ালের নিচের মাটি কিছু অংশ সরাতে হয়েছিল। ফলে কাজ করার সময় ড্রেনের উপরেই ধসে পড়ে সীমানা প্রাচীরের দেয়াল। এসময় মাথায় প্রচন্ড আঘাত ও ব্যাপক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বাড়ির মালিকের অবহেলা ও সড়ক দখল করে দেয়ালের কারনেই এমন মৃত্যু বলে অভিযোগ তাদের। এ ঘটনায় বাড়ির মালিকের বক্তব্য পাওয়া যায়নি। আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।