ঝিনাইদহে পাম্প কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যুর ঘটনায় ৩টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাসের শ্রমিকরা।রোববার (৮ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সড়ক অবরোধ শুরু হয়।জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পোড়া বাস নিয়ে অবরোধ শুরু হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সব প্রকার যান-চলাচল। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরে বাসে আগুন দেয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাসে ২ ঘণ্টা পর অবরোধ তুলে দেয় শ্রমিকরা।আরও পড়ুন: পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীদের পিটুনিতে যুবক নিহতশনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিহত হয় যুবক নীরব হোসেন। এ ঘটনায় রাতে শহরের আরাপপুরে একটি তেল পাম্প ভাঙচুর ও রাত ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩টি বাসে আগুন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন বলেন, ‘রাতে বাসে যারা আগুন দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’