মধ্যপ্রাচ্যের সংঘাতে স্থগিত আইসিসির সভা, খোঁজা হচ্ছে নতুন ভেন্যু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী ২৫–২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলে এই সভা অনুষ্ঠিত হতে পারে, তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।চলমান সংঘাতের কারণে সভা স্থগিত করা প্রায় অনিবার্য ছিল। শনিবার (৭ মার্চ), অর্থাৎ আহমেদাবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগের দিন, সদস্য দেশগুলোর কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়েছে। জানা গেছে, আইসিসি এখন এশিয়া মহাদেশের অন্য কোনো স্থানে সভাটি আয়োজন করার জন্য নতুন ভেন্যু খুঁজছে।এই সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃত্ব একত্রিত হওয়ার কথা ছিল। সংস্থার নিয়মিত প্রশাসনিক কার্যসূচির অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্য ছিল।২২ ফেব্রুয়ারি দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, কাতারে ক্রিকেটের ক্রমবর্ধমান উন্নয়ন ও দেশটির বিস্তৃত ক্রীড়া পরিবেশের কারণে দোহাকে সভার স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আইসিসি আরও বলেছিল, কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতা কাতারে ক্রিকেটের উল্লেখযোগ্য অগ্রগতি ত্বরান্বিত করেছে। আরও পড়ুন: ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাসএদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আইসিসির অনেক কর্মকর্তা আহমেদাবাদে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। এটি আইসিসির চেয়ারম্যান জয় শাহের নিজ শহর। নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টোয়েস রোববার (৮ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গা মুখুহলানি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসাজিসহ আরও কয়েকজন বোর্ড প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম এই বৈঠকে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই। জানা গেছে, তিনি বর্তমানে মেলবোর্নে অবস্থান করছেন। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি আহমেদাবাদে যাচ্ছেন না।