স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সমস্যার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ২৫ মার্চ যথাযথ মর্যাদায় পালন করতে ও ২৬ মার্চের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছ্রসাধন করতে পারি— সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার দেশব্যাপী দিবসটি উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আর যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়— সব দিকে সবাই সেটার ব্যাপারে আন্তরিক হন— সংশ্লিষ্ট সব দফতর, মন্ত্রণালয় এবং জনসাধারণের সবারই আমরা সহযোগিতা কামনা করেছি। আরও পড়ুন: ঈদের আগে পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হবে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে, অত্যন্ত বেদনার সঙ্গে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে— আমরা নিরাপত্তার সব বিষয়াদি দেখাশোনা করব।’ ‘আর ২৬ মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ— রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যে পুষ্পমাল্য অর্পণের বিষয় আছে— সেটা যাতে নিরাপদে সম্পন্ন করা যায় এবং যাতায়াত যাতে সহজতর করা যায় সেই বিষয়ে আমরা সমন্বয় করেছি,’ যোগ করেন মন্ত্রী। আরও পড়ুন: সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ঈদুল ফিতর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।