ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন মাহিন্দ্র লেগুনা স্ট্যান্ড এলাকায় এ নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (৮ মার্চ) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নির্দেশনা চলবে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস এ নির্দেশনা জারি করেন।পুলিশ জানায়, রোববার ওই মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। একই দিন একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শুরু করেন তিনি। পরে পুলিশ মাহফিলস্থলে এসে নেতাকর্মীদের সরিয়ে দেন।এ ঘটনায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল ধানের শীষের প্রার্থীর নেত্রী না। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্দিনে রাজপথে লড়াই করেছি। আজ অন্য দল থেকে উড়ে এসে ধানের শীষ প্রতীক নিয়ে বড় বিএনপি হয়ে গেছে অনেকে। আজ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে দুই পক্ষের লোকজন ইফতার মাহফিলের আয়োজন করে। উভয়পক্ষ উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিল। কিন্তু শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে অনুষ্ঠানস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেছেন। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এম শাহাজান/এসআর/এমএস