ইরানের রাজধানী তেহরানের কাছে একটি তেলের ডিপোতে ইসরাইলি-মার্কিন হামলার পর বিশাল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়েছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়ও ঢুকে পড়েছে তেল। যার ফলে রাস্তার পাশে সৃষ্টি হয়েছে ‘আগুনের নদী’।‘লিভিং ইন তেহরান’ নামের একটি অ্যাকাউন্টি থেকে এক্স-এ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শহরের একটি দীর্ঘ রাস্তার পাশে আগুন জ্বলছে। গত শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে প্রথমবারের মতো ইরানের তেলের ডিপোগুলোতে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। অন্তত ৩০টি তেলের ডিপো ধ্বংস হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টেও। আরও পড়ুন: পানি শোধনাগারে হামলার অভিযোগ ইরানের, ট্রাম্প বললেন, ‘কিছুই জানেন না’ ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে ফার্স নিউজ জানিয়েছে, হামলার শিকার হওয়া ডিপোগুলোর মধ্যে দুটি শারান ও শাহর রে। এগুলো তেহরানের ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থিত। ভিডিওতে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তেহরানের কাছাকাছি কারাজ শহরের একটি তেল শোধনাগারেও হামলা হয়েছে। হামলার পর তেলের ডিপোগুলো এখনও জ্বলছে। ফলে পুরো রাজধানী শহর কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দিনের বেলাতেও যেন রাতের অন্ধকার নেমে এসেছে। এদিকে তেলের ডিপোতে হামলার জবাবে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান।