অস্ট্রেলিয়ার জার্সিতে জয় দিয়েই ক্যারিয়ারের ইতি টানলেন অ্যালিসা হিলি। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ১০ উইকেটের জয়ে মাল্টি ফরম্যাটের সিরিজ ১২-৪ ব্যবধানে জিতে নিলো অস্ট্রেলিয়া।রোববার (৮ মার্চ) পার্থের ওয়াকায় তৃতীয় দিনে দারুণ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়বার ভারত ব্যাট করতে নেমে ১৪৯ রানে অলআউট হলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মোটে ২৪ রান। দুই ওপেনার জর্জিয়া ভোল এবং ফোবে লিচফিল্ড মিলে ৪.৩ ওভারেই জয় নিশ্চিত করেন।ভোল ১৩ বলে ১৬ এবং লিচফিল্ড ১৪ বলে ১১ রান করেন।এর আগে ওয়ানডে সিরিজেও অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ করেছিল। এই টেস্ট দিয়েও অস্ট্রেলিয়ার জার্সিতে বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন অধিনায়ক অ্যালিসা হিলি। ১১ টেস্টে ২৯.৫৩ গড়ে ৫০২ রান নিয়ে ক্যারিয়ার শেষ করলেন হিলি। নামের পাশে আছে ৩টি অর্ধশতক। সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসটি এই ফরম্যাটে তার আক্ষেপ হয়েই থাকবে।আরও পড়ুন: ওয়ানডে ফরম্যাটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারিহিলি বেশি সফল সাদা বলের ক্রিকেটে। ওয়ানডে ফরম্যাটে ১২৬ ম্যাচে ৩৭.০৩ গড়ে ৩৭৭৭ রান করেছেন তিনি, আছে ৮টি শতক ও ১৯টি অর্ধশতক। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের অবিস্মরণীয় ইনিংস।এছাড়া ১৬২টি টি-টোয়েন্টি খেলে ২৫.০৩ গড় ও ১২৯.৮০ স্ট্রাইক রেটে করেছেন ৩০৫৪ রান। কোনো সেঞ্চুরি না হাঁকালেও এই ফরম্যাটে ৩টি অর্ধশতক হাঁকিয়েছেন হিলি।ওয়াকায় প্রথম ইনিংসে ভারত ১৯৮ রানে গুটিয়ে যাওয়ার পর অ্যানাবেল সাদারল্যান্ডের ১২৯ ও এলিসে পেরির ৭৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে ৩২৩ রান করে।১২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত এবার ১৪৯ রানে গুটিয়ে যায়। প্রতিকা রাওয়াল সর্বোচ্চ ৬৩ রান করেন। এছাড়া স্নেহ রানা করেন ৩০ রান।