চলে গেলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া, হাসপাতালে কাতরাচ্ছেন স্বামী-মেয়ে

রাজধানীর তুরাগ কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১০ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) মারা গেছেন। এই ঘটনায় তার স্বামী ও মেয়েসহ বাকি আত্মীয় স্বজন হাসপাতালে ভর্তি রয়েছে।রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, অন্তঃসত্ত্বা সোনিয়ার শ্বাসনালীনহ শরীরের সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। তার অবস্থা খুবই ক্রিটিকাল ছিল।এরআগে, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ১০ নং সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।এতে দগ্ধ হন- রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭)।রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯)।এছাড়া রুবেল (৩৫) নামে আরও একজন দগ্ধ হন। আরও পড়ুন: রাজধানীতে বিস্ফোরণ / দগ্ধ ১০ জনেরই পুড়েছে শ্বাসনালী, আশঙ্কাজনক ৭এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার ওই বাসাটিতে থাকতেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার করেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শীবচর উপজেলায়।তিনি জানান, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের ওই বাসায় বেড়াতে এসেছিলেন। একই বাড়ির ৪ তলায় থাকেন সাজেদ মাতুব্বর। ওইদিন ভোর রাত সাড়ে ৩টার দিকে দ্বিতীয় তলার বাসায় বিস্ফোরণ হয়। বিকট শব্দ শুনে সবাই বেরিয়ে দেখেন, ভবনের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙ্গে গেছে। বাসাটিতে থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, সোনিয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।