আগুন আতঙ্কে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী, স্বজন ও কর্মরত স্টাফরা দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বের হন। তাড়াহুড়ো করে ৬ তলা ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন ৫ জন।রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে প্রায় দুই ঘণ্টা পর রোগীরা হাসপাতালের শয্যায় ফিরে যান। জানা যায়, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে দ্রুত গতিতে অক্সিজেন বাইরে বের হতে থাকে। নিমিষেই হাসপাতালের ৬ষ্ঠ তলার মহিলা ওয়ার্ড অন্ধকার হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৫জন। আরও পড়ুন: গাইবান্ধায় দিন-রাত্রের তাপমাত্রার ফারাকে হাসপাতালে বেড়েই চলছে রোগী খবর পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে আসেন। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুনের কোনো আলামত না দেখতে পেয়ে প্রকৃত ঘটনা পর্যবেক্ষন করে রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত ১১টার দিক রোগীরা আসনে ফিরে যান। আরও পড়ুন: সরকারি হাসপাতালে দায়িত্বকালে চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদারীপুরের শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুন লাগার আতঙ্কে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। তবে, বড় কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়।