হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর কাছাকাছি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি একই দিনে ওই এলাকায় হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং লেন এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে ইউকেএমটিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবারই ওমানের মুসানদাম উপদ্বীপের উত্তরে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে আরেকটি কার্গো জাহাজে আঘাত হানার পর সেটিতে আগুন ধরে যায়। পরে জাহাজটি থেকে নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছেও আরেকটি কার্গো জাহাজে আঘাতের ঘটনা ঘটেছে এবং সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইউকেএমটিওর পরামর্শ বিজ্ঞপ্তি অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৩টি জাহাজ হামলার শিকার হয়েছে। সূত্র: সিএনএন এমএসএম