ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের সময় আহত হলেও বর্তমানে ‘নিরাপদ ও সুস্থ আছেন’। ইরানি প্রেসিডেন্টের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন। বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শুনেছিলেন এবং বিষয়টি নিশ্চিত করতে পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি লেখেন, ‘আমি শুনেছিলাম মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুদের কাছে জানতে চাই, যাদের সঙ্গে যোগাযোগ ছিল। তারা আমাকে জানিয়েছে, আল্লাহর রহমতে তিনি নিরাপদে ও ভালো আছেন।’ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবাকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে। তবে তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইউসেফ পেজেশকিয়ানের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের নতুন নেতার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কারণ, তিনি তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করলেও এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি বা তার উপস্থিতি দেখা যায়নি। মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনই মোজতবা খামেনি আহত হন। পত্রিকাটি এ তথ্য জানিয়েছে তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে, যারা পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এর ফলে ইরানের নতুন সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও তার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা আরও জোরদার হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ানকেএএ/