এবার ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

মার্কিন বিমান বাহিনী ইরানের খারগ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপের তেলের স্থাপনাগুলোকে এই হামলার আওতামুক্ত রাখা হয়েছে। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কেননা ইরানের কাছে খারগ দ্বীপের গুরুত্ব তাৎপর্যপূর্ণ। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‌‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করেছেন এবং এটি তার অতিরঞ্জিত বর্ণনা নয়। পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানি শহর বুশেহরের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত। ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপ দিয়ে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করা হয়, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী হয়ে চীনের মতো দূরবর্তী বাজারগুলোতে পৌঁছে যায়। খারগ দ্বীপে হামলা হওয়া মানে সরাসরি ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে আঘাত করা। এই দ্বীপে প্রেসিডেন্ট ট্রাম্পের হামলার ঘোষণা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা এসআর