যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ‘নিশ্চিতভাবে’ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে — এমনকি আরও দ্রুতও হতে পারে। খবর দ্য হিলের।প্রতিবেদন মতে, রোববার (১৫ মার্চ) এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে এই সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। হতে পারে তার চেয়ে দ্রুতও। তবে এটি অবশ্যই শেষ হবে।’ পরমাণু ইস্যুতে কূটনৈতিক আলোচনার মাঝে হঠাৎ করেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসী হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যার ফলে যুদ্ধের প্রথমদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। জবাবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। যার মধ্যদিয়ে তীব্র রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। আরও পড়ুন: ইরান যুদ্ধবিরতি চায়, দাবি ট্রাম্পের গত সপ্তাহে উপসাগরীয় দেশগুলো — কুয়েত, সৌদি আরব ও কাতার— যুদ্ধ শেষ করার আহ্বান জানায়। এই দেশগুলোর পাশাপাশি বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানও ইরানের বিভিন্ন আক্রমণের মুখোমুখি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে যুদ্ধের কারণে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ও বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন যে, দীর্ঘস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। তবে যুদ্ধের মেয়াদ নিয়ে একেক সময় একেক কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি তিনি বলেন যে, সামরিক অভিযান শেষ হতে চার থেকে পাঁচ সপ্তাহ লাগতে পারে। এরপর আবার তিনি বলেন, যুদ্ধ শেষ হবে যখন তিনি ‘নিজের অনুভূতি’ দিয়ে তা বুঝবেন। আরও পড়ুন: আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প রাইট জ্বালানি দামের ওঠানামার বিষয়ে বলেন, ‘যুদ্ধ শেষ হলে সরবরাহ পুনরায় শুরু হবে এবং দামও কমে যাবে। আমাদের প্রশাসন স্বল্পমেয়াদি বিঘ্ন ঘটতে পারে তা খুব ভালভাবে বুঝছে।’ তিনি আরও বলেন, মূল্য বৃদ্ধির সমস্যা মাস ধরেই চলবে না, সবচেয়ে বাজে পরিস্থিতির ক্ষেত্রেও এটি শুধুমাত্র কয়েক সপ্তাহের বিষয়, মাস নয়।