নোয়াখালীর চাটখিলে রাতের অন্ধকারে এক ব্যক্তির মুকুলসহ ২০টি আম গাছসহ সুপারি, লিচু, বরই ও অন্যান্য ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।রোববার (১৫ মার্চ) নোয়াখালীর চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। গাছগুলোর মালিক সুন্দরপুর গ্রামের বলি বাড়ির সাইফুল ইসলাম। তিনি চাটখিল পৌরসভার ইলেকট্রিশিয়ান (সেবক) হিসেবে কাজ করেন। প্রত্যক্ষদর্শী মিজান বলেন, ‘আমি সকালে এই এলাকায় গরুর দুধ দিতে আসি। এসে দেখি গাছগুলো কেটে দেয়া হয়েছে। পরে আমি সাইফুলকে জানাই। এরপর সে এসে কাটা গাছগুলো দেখতে পায়।’ আরও পড়ুন: এক বছরের মধ্যে পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্য রয়েছে: পরিবেশমন্ত্রী সাইফুল ইসলাম জানান, ‘গতরাতে কে বা কারা গাছগুলো কেটে দেয়। কিছু আমগাছে মুকুল ছিল। অন্য গাছগুলোতেও ফল ধরেছে। আমি তদন্ত সাপেক্ষে এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’ চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে মৌখিকভাবে ঘটনা শুনেছি। তাকে লিখিতভাবে থানায় অভিযোগ করার জন্য বলা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।