রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রাকিব (২৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।নিহত রাকিবের বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তাদের বাসা পুরান ঢাকার নিমতলি এলাকায়। রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে। তবে রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন রাকিবের বাবা। আরও পড়ুন: গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও কুপিয়ে আহত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আহতের বন্ধু মো. রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারে পাশে চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপরে গিয়ে দেখি, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় কোপানো আঘাত রয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনতে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে। শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিবের মাথায় গুলিবিদ্ধ ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে কনটেন্ট ক্রিয়েটর আহত ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান। তবে রোববার রাত ১১টার পর ফেসবুক লাইভে এসে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির রাকিব হাসান বলেন, ‘এটি একটি ভুল খবর। আমরা নিজেরাও জানি না কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে।’ তিনি আরও জানান, ‘আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই ফোন করেছেন, কিন্তু বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সবার ফোনে সাড়া দিতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে ভালো রেখেছেন। আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।’