মধ্যরাতে রাজধানীর উত্তরায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় লোকজনের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত উত্তরায় স্কয়ার গ্রুপের একটি বাণিজ্যিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে রিকশাচালক মারা গেছেন এবং তার মরদেহ ভবনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে-এমন গুজব ছড়িয়ে পড়ে। যা দ্রুত অন্য রিকশাচালকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত উৎসুক জনতা ও রিকশাচালকরা সড়ক অবরোধের পাশাপাশি ভবনে ভাঙচুর চালায়। পরে নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। আরও পড়ুন: গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন এ সময় বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এখনও ঘটনাস্থলের আশপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডিএমপির যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও তার নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। কেউ নিহত হয়েছে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে। তবে সেনাবাহিনী ও পুলিশ ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত কিছু পায়নি। ঘটনাস্থলে ২ হাজার পুলিশ মোতায়েন রয়েছে।