ফ্লাইট বন্ধে অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

কুয়েত প্রতিনিধি ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়েছে কুয়েতেও। দীর্ঘ দুই-তিন মাস আগে থেকে রমজানের ঈদের জন্য টিকিট কেটে রাখা প্রবাসীরা এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নিরাপত্তার খাতিরে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ভেস্তে যেতে বসেছে অনেকেরই নাড়ির টানে বাড়ি ফেরার পরিকল্পনা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিবেচনায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতসহ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও ভ্রমণকারী। অনেক প্রবাসী পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে পরিবার-পরিজনকে ভিজিট ভিসায় কুয়েতে নিয়ে এসেছিলেন। তাদের ফেরার সময় হয়ে গেলেও ফ্লাইট বন্ধ থাকায় তারা দেশটিতে আটকা পড়েছেন। তবে মানবিক দিক বিবেচনায় কুয়েত সরকার তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে একমাস বাড়িয়ে দিয়েছে, যা প্রবাসী পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ফ্লাইট চালুর নির্দিষ্ট তারিখ জানতে প্রতিদিন ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন শত শত প্রবাসী। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের। ট্রাভেল এজেন্টরা প্রবাসীদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিচ্ছেন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তারা পূর্ণ সক্ষমতায় ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। এরই মধ্যে বেশ কিছু এয়ারলাইনস যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে, কোনো বাড়তি খরচ ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীরা তাদের যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। যারা ভ্রমণ বাতিল করতে চান, তারা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবেন। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এমআরএম/জেআইএম