ঈদ রান্নার কেনাকাটা, প্রস্তুতিতে যেসব বিষয় মাথায় রাখবেন

পছন্দের খাবার ঈদ উৎসবকে বাড়িয়ে দেয় বহুগুণ। তাই সাধ্যের মধ্যে ঈদের দিনকে আরও উপভোগ্য করে তুলতে এখন থেকেই শুরু করে দিতে পারেন ঈদ রান্নার কেনাকাটা।ঈদের আমেজ বাড়াতে মাছ-মাংসের আইটেম যেমন রান্না করা হয়, তেমনি প্রাধান্য দেয়া হয় মিষ্টিজাতীয় খাবারে। তাই ঈদের দিন এসব রান্নার আয়োজন করতে এখনই সাজিয়ে নিতে পারেন প্রয়োজনীয় উপাদানের তালিকা। ঈদ রান্নার কেনাকাটার তালিকা প্রস্তুতে যেসব বিষয় প্রাধান্য দিতে পারেন তা হলো- ১। মশলা: যেকোনো সুস্বাদু মাছ বা মাংসের আইটেম রান্নার জন্য যেসব মশলার তালিকা করে নিতে পারেন তাহলো আদা, রসুন, পেঁয়াজ, মরিচ গুঁড়া, হলুদ, ধনে, জিরা, গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ) তেজপাতা, শাহী জিরা, জায়ফল-জয়ত্রী, কাবাব মশলা, চিকেন পাউডার, কর্নফ্লাওয়ার ইত্যাদি। ২। চাল ও ডাল: যদি ঈদের দিন পোলাও, বিরিয়ানি তৈরির ইচ্ছা থাকে তবে ঈদ রান্নার কেনাকাটায় যোগ করুন পোলাওয়ের চাল (কালিজিরা/চিনিগুঁড়া/বাসমতি চাল)। হালুয়া বা হালিম তৈরির ইচ্ছা থাকলে তালিকায় রাখুন হরেক রকম ডাল। ৩। মাছ, মাংস: পছন্দের মাছ বা মাংসের আইটেম রান্নার জন্য বাজার ঘুরে এখনই অল্প অল্প সময় বের করে পছন্দের মাছ (রুই, কাতল, রূপচাঁদা, চিংড়ি ইত্যাদি), পছন্দের মাংস (গরু, খাসি, ভেড়া, হাঁস, কোয়েল, পাকিস্তানি মুরগি ইত্যাদি) কিনতে শুরু করুন। সঠিক উপায়ে তা ফ্রিজে সংরক্ষণ করুন। ৪। দুগ্ধজাত ও মিষ্টি: ঈদের দিন মিষ্টিজাতীয় খাবার বা ডেজার্ট তৈরিতে প্রাধান্য দিলে তরল দুধ, গুঁড়া দুধ, ঘি, মাখন, চিনি, কনডেন্সড মিল্ক, বিভিন্ন প্রকার সেমাই, সুজি এখন থেকেই কেনা শুরু করতে পারেন। ৫। বাদাম ও অন্যান্য: খাবারের স্বাদ বাড়াতে কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ, খেজুর, পোস্তদানা, গোলাপজল, কেওড়াজল, জাফরানের মতো উপকরণগুলো তালিকায় রাখুন। ৬। ভোজ্য তেল: ঈদের দিন রান্নায় কোন ভোজ্য তেল ব্যবহার করবেন সে অনুযায়ী তালিকায় রাখুন সয়াবিন তেল, সরিষার তেল, তিসির তেল, সূর্যমুখী তেল, বাদাম তেল কিংবা জলপাই তেল। আরও পড়ুন: ইফতারে রেশমি জিলাপি তৈরির সহজ রেসিপি টিপস ১। ঈদের কয়েক দিন আগে গ্রামের বাড়িতে ঈদ করতে অনেক দোকানদার চলে যাবেন। তাই ওই সময় পছন্দের জিনিসগুলো কেনা কঠিন হবে। তাই এখন থেকেই তালিকা তৈরি করে অল্প অল্প করে রান্নার উপকরণ কেনা শুরু করুন। ২। বাজারের ভিড় এড়াতে বাড়িতে তালিকা তৈরি করে কেনাকাটার সময় তা সঙ্গে নিন। পছন্দের জিনিস পেলে তবেই কিনুন। কেনার সময় কখনই তাড়াহুড়ো করবেন না। পণ্য যাচাই করে কিনুন। ৩। কম পয়সায় ভালো মানের পণ্য কিনতে সুপারশপের পরিবর্তে পাইকারি বাজারকে প্রাধান্য দিন। ৪। সুপারশপে বিকাশ বা অন্যান্য কার্ড ব্যবহারে ডিসকাউন্ট অফার থাকলে তা ব্যবহার করুন। আরও পড়ুন: ঈদ শপিংয়ে বের হওয়ার আগে ৫টি সতর্কতা