লিচু বাগানে জাল দিয়ে পাখি নিধন, ২৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে লিচু বাগানে কারেন্ট জাল দিয়ে ঘিরে পাখি হত্যার দায়ে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১৫ মার্চ) বিকেলে সদর উপজেলার ভাগ্যবানপুর লাহারপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমনা আদায় করা হয়। এসময় ফারুক হোসেন নামের ব্যক্তিকে পাখি হত্যার দায়ে এই জরিমানা করা হয়। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশত মৃত পাখি ও একটি জীবিত মাছরাঙা পাখি উদ্ধার করা হয়। এছাড়াও প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। মৃত পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয়। জীবিত পাখি অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। আরও পড়ুন: বরই বাগান যেন পাখিদের ‘মৃত্যুর ফাঁদ’, হুমকিতে বুলবুলি-দোয়েল-শালিক তিনি জানান, অভিযোগ পেয়ে পাখি হত্যার দায়ে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ এর একাধিক ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়। আরও পড়ুন: মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির নিরাপত্তা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।‎