ঈদ সামনে রেখে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছে বিপুল পরিমাণ মদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এসব মদ মজুত করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার মদসহ দুজনকে আটকের পর এ তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কাছে তথ্য আসে, ঈদ উপলক্ষে দেশের বাইরে থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাদক রাজধানীর হাজারীবাগে এনে মজুত করেছে কারবারিরা। পরে সেখানে অভিযান চালায় ডিএনসি। আটক করা হয় দুই মাদক কারবারিকে। পরে তাদের তথ্যে অভিযান চলে ভাড়া ফ্ল্যাটে। উদ্ধার করা হয় ৬৫ বোতলে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫০ লিটার মদ। আটক গাউসুল আজম প্রিন্স ও আবদুর রহমানের নামে হয় মামলা। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার রহমান ময়মনসিংহ-নেত্রকোণা সীমান্ত দিয়ে ভারত থেকে মদ আনেন। পরে ঢাকায় প্রিন্সের কাছে সরবরাহ করেন। প্রিন্স রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মজুত রাখেন। ঈদ উপলক্ষে এগুলো পাইকারি ও খুচরা বিক্রির পরিকল্পনা ছিল তার। আরও পড়ুন: মাদক-জুয়ার মতো অপরাধ: গাইবান্ধায় চার দিনে তিন পুলিশ সদস্য প্রত্যাহার ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ সময় সংবাদকে বলেন, ‘ঢাকায় বসে উদ্ধার করলাম ভারতীয় মদ! ঈদ উপলক্ষে তারা সেগুলো মজুত করছিলেন। তবে আমরা তাদের চেইন ভেঙে দিয়েছি। যেখানে আমরা সংবাদ পাবো, সেখানেই অভিযান চালাবো।’ ডিএনসির গোয়েন্দা তথ্য, এমন একাধিক চক্র ঈদ ঘিরে সক্রিয় হয়ে উঠেছে। তাদের তৎপরতা রোধে বিশেষ অভিযানে রয়েছে সংস্থাটি। এ বিষয়ে মো. হাসান মারুফ বলেন, ‘সমন্বিত অভিযান চলছে। আমাদের অন্যান্য সহযোগী সংগঠন বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, র্যাব ও বিজিবির সঙ্গে মিলে আমরা বিভিন্ন অভিযান চালাচ্ছি। সারা দেশেই আমরা সতর্ক রয়েছি। ঈদ উপলক্ষে যেন মাদকের মজুত হতে না পারে, সেভাবেই আমরা কার্যক্রম পরিচালনা চালাচ্ছি।’ আরও পড়ুন: ‘মাদক বিক্রেতাকে’ ধরার সময় পুলিশকে গণপিটুনি, আটক ৩ শুধু মদ নয়, ঈদ ঘিরে যাতে অন্যান্য মাদকেরও বিস্তার না ঘটে সেদিকেও সজাগ ডিএনসি।