হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান ও অস্ট্রেলিয়া

চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে রাজি হয়নি। এমনকি মার্কিন মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা হরমুজ প্রণালি যুদ্ধজাহাজ পাঠাবে না।স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খোলা রাখতে যেসব দেশ এর সুবিধা ভোগ করে তাদের সহায়তা করা উচিত। তিনি যুক্তি দিয়ে বলেন, ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি অস্ট্রেলিয়া ও জাপান। সোমবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাংকার পাহারা দেয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই। সংসদে দেয়া ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখনও যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি।’ আরও পড়ুন: ইরান যুদ্ধে কি একা হয়ে পড়লেন ট্রাম্প? ট্রাম্প মার্কিন মিত্রদের কাছে গুরুত্বপূর্ণ জলপথটি পাহারায় সহায়তার আহ্বানের পর জাপানের প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন। সানায়ে তাকাইচি চলতি সপ্তাহের শেষের দিকে ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না। সোমবার দেশটির পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং এবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ট্রাম্পের সহায়তার আহ্বানের পর অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান জানালো। আরও পড়ুন: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের, সাড়া দিচ্ছে না কেউ অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী আরও বলেন, ‘আমাদের কাছে অনুরোধ আসলে আমরা কী ধরনের অবদান রাখছি সে বিষয়ে আমরা খুবই স্পষ্ট। এখন পর্যন্ত সেই অবদানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করা হয়েছে—বিশেষ করে ওই এলাকায় অবস্থানরত বিপুলসংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের বিষয়টি বিবেচনায় রেখে।’ তিনি বলেন, তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না। আমরা জানি এটি কতটা গুরুত্বপূর্ণ। এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি এবং এতে আমরা কোনো অবদানও রাখছি না। তথ্যসূত্র: আল জাজিরা