চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’-এর ভাগিনা আলভিন গ্রেফতার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় আলোচিত সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলা হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম মো. আলভিন (৩১)। তিনি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছরের ৫ নভেম্বর সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলি খন্দকারপাড়া এলাকায় মাগরিবের নামাজের পর গণসংযোগ চলাকালে সরোয়ার হোসেন সাকিব ওরফে বাবলাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি নিহত হন। এ ঘটনায় ৭ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশের দাবি, ওই হত্যাকাণ্ডে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরিকল্পনা ও নির্দেশনা ছিল। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার আলভিন বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ থানা এলাকায় বিভিন্ন নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এএমএ