হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১০ রোগীর

ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ভোরে ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউতে লাগা এই আগুনে রোগীদের বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন আরও ১১ জন হাসপাতাল কর্মী।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভোর রাত ৩টার দিকে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেয়ার সময় হঠাৎই ট্রমা কেয়ার আইসিইউতে আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখা যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ইউনিটে। খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর একাধিক ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হাসপাতালের কর্মী ও দমকল বাহিনীর সদস্যরা মিলে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ শুরু করেন। এসসিবি হাসপাতালটি ওড়িশার প্রধান রাষ্ট্রীয় পরিচালিত চিকিৎসা কেন্দ্র। ঘটনার কিছুক্ষণ পরেই ওড়িশার মুখ্যমন্ত্রীমোহন চরণ মাঝি, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংসহ হাসপাতাল পরিদর্শন করেন। আরও পড়ুন: পশ্চিমবঙ্গে সরকার পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে: মোদি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের উদ্ধার করতে গিয়ে কর্মীরা আহত হয়েছেন। সংবাদিকদের তিনি বলেন, আগুন লাগার পর মোট ২৩ জন রোগীকে অন্যান্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। অন্যান্য আইসিইউ এবং ওয়ার্ডে স্থানান্তরিত করার সময় সাতজন গুরুতর রোগী মারা যান এবং আরও তিনজন রোগী পরে মারা যান। আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। আগুনে নিহতদের পরিবারের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি ঘটনার বিচার বিভাগীয় তদন্তে করা হবে বলে জানান।