সেই রানআউটের ব্যাখ্যা দিলেন মিরাজ

সদ্য শেষ হওয়া পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি সালমান আলী আগাকে করা মেহেদী হাসান মিরাজের একটি রান আউট। সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘মিরাজকে বল এগিয়ে দিতে গিয়ে’ বিতর্কিতভাবে রান আউট হন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নিলেও ওই রান আউটের আলোচনা শেষ হয়নি।সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষেই সংবাদ সম্মেলনে এসে রান আউট প্রসঙ্গে নিজের ব্যাখ্যা দিয়েছিলেন আগা। তবে সুযোগ হয়নি মিরাজের। আজ (১৫ মার্চ) সিরিজ শেষে এ প্রসঙ্গে কথা বলেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক।মিরাজ জানান, নিয়মানুযায়ী আগাকে আউট করেছেন তিনি।বল ধরে যদি ফেরত দেয়ার উদ্দেশ্যই থাকত আগার, সেক্ষত্রে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের আবেদনও তিনি করতেন না বলে জানান মিরাজ। তার মতে, বোলারকে সাইড না দেয়ার কৌশল অবলম্বন করেছেন আগা। আর সেটা করতে গিয়ে নিজের জালেই আটকা পড়েছেন। নিয়মানুযায়ী আউট জেনেই পরবর্তীতে আগা এমন প্রতিক্রিয়া দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।মিরাজ বলেন, ‘আমি নিয়মানুযায়ী আউট করেছি। সবাই যে ধরনের কথা বলছে… বল যখন আমি করেছি, বল ধরতে গিয়েছি সবাই দেখবেন। সে যদি বল ধরে আমাকে দিত, আমি রানআউট করতাম না বা আপিল করতাম না; অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড যে আউটটা। সে বাইরে থেকে বল ধরতে গেছে। আমি সেই সুযোগ নিয়েছি।’আরও পড়ুন: ‘সবচেয়ে অভিজ্ঞ’ সৌম্য ৩ ম্যাচেই কেন বেঞ্চে, ব্যাখ্যা দিলেন মিরাজ‘ও (সালমান) ভেতরে থাকলে, বা বল আমাকে দিলে কখনওই এটা করতাম না। বলটা পায়ে লেগেছে। ও সিঙ্গেল নেয়ার জন্য আমাকে আটকেছে, অনেক সময় ব্যাটাররা ট্রিক প্রয়োগ করে, মিস করলে সিঙ্গেল নিবে। নন স্ট্রাইকে এটা সব ব্যাটারই করে। ও প্রথমে এটাই করতে গেছে। যখন দেখেছে আমি বল আটকে দিয়েছি তখন হয়তো বাইরে বলটা ধরতে গেছে। আমার তো পরিকল্পনাই ছিল।’সালমানের প্রতিক্রিয়া নিয়ে মিরাজ, ‘ও তো পরে স্টেটমেন্ট দিয়েছে। ও তো বলেছে যে জানত এটা আউট। তারপরও সে প্রতিক্রিয়া দেখিয়েছে, আম্পায়ার আউট দেয়ার আগে। কারণ জানত এটা আউট।’অন্যদিকে, এই আউট নিয়ে ২ দিন আগেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান আগা। তিনি বলেন, ‘'কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে। তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম।’